শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ দুপুর ১২:৪০:২৪
ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতার মামলায় গঙ্গাচড়া আ.লীগ সম্পাদক গ্রেপ্তার
রংপুরের গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় গঙ্গাচড়ায় উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০-২৬০ জনকে আসামি করা হয়েছে। এতে আজিজুল ইসলাম ২২ নম্বর আসামি।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার পর থেকেই তিনি এলাকায় ছিলেন না এবং দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তার অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি মো. আব্দুস সবুর জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আজিজুল ইসলাম বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।