লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১২:৩৫
যুক্তরাষ্ট্রে কর্মস্থলে বাংলাদেশি নারীকে হাতুড়িপেটায় হত্যা, সন্দেহভাজন গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নিলুফার ইয়াসমিন পারভীন (৪৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নারীকে হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে নিজ কর্মস্থল একটি গ্যাস স্টেশনে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসী সূত্র ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, ইয়াসমিন ফোর্ট মায়ার্সের ড. মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ড ও হাইল্যান্ড অ্যাভিনিউয়ের একটি শেভরন গ্যাস স্টেশনে ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সেদিন ভোরে তিনি স্টোর খুলে ভেতরে নামাজ আদায় করছিলেন।
সকাল আনুমানিক ৭টা ১৪ মিনিটে এক যুবক স্টোরে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সে বাইরে থাকা ইয়াসমিনের ব্যক্তিগত গাড়িতে হাতুড়ি দিয়ে ভাঙচুর শুরু করে। শব্দ পেয়ে ইয়াসমিন বাইরে এসে এর কারণ জানতে চাইলে হামলাকারী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারী তাঁর হাতে থাকা বড় হাতুড়ি দিয়ে ইয়াসমিনকে লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করে। মাথায় একাধিক আঘাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে হামলাকারী ঘটনাস্থল ত্যাগ করে।
ফোর্ট মায়ার্স পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন হামলাকারী রোলবার্ট জোয়াকিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় তাকে একটি বাস্কেটবল দলের জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। এই হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
নিহত ইয়াসমিন পারভীন দুই মেয়েকে নিয়ে ফ্লোরিডায় বসবাস করতেন। তাঁর স্বামী বর্তমানে বাংলাদেশে রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকের ছোট বোন।
স্বজনদের ভাষ্য, ইয়াসমিন ছিলেন পরোপকারী ও ধর্মপ্রাণ। প্রবাসে থেকে সন্তানদের ভবিষ্যৎ গড়তে তিনি নিরলস পরিশ্রম করতেন। তাঁর মৃত্যুতে লক্ষ্মীপুরের নিজ এলাকা এবং ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কনস্যুলেট এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিচার নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।