নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:২৮:৩৮
পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী থেকে ঢাকা অভিমুখে আসা ইমরান পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় অপর একজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে উদ্ধার কার্যক্রম শেষ হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।