মো. শান্ত শেখ, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ : ২৯ জুন ২০২৬ রাত ১১:০০:৪৪
টুঙ্গিপাড়ায় ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন
বাংলাদেশ পুলিশে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়ে অবসরে গেলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার। বিদায় উপলক্ষে থানার পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।
সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলীর উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে থানার পুলিশ সদস্যরা এসআই ছবির উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পুষ্পবর্ষণের মধ্য দিয়ে সংবর্ধনা স্থলে নিয়ে আসেন। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে তাকে নিজ বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পৌঁছে দেওয়া হয়।
এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ ও টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা জানিয়ে বিদায় জানান।
এসআই ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী শিকদারের ছেলে। তিনি ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ চাকরি জীবনে দেশের বিভিন্ন স্থানে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে যান।
বিদায়বেলায় আবেগাপ্লুত কণ্ঠে এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, “বিদায়ের সময় সহকর্মীদের কাছ থেকে যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা কখনো কল্পনাও করিনি। কর্মজীবনে মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি, এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে ওসি স্যারের আন্তরিকতা ও সহকর্মীদের ভালোবাসা আমাকে আজীবন অনুপ্রাণিত করবে।”
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের পরিবারের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। দীর্ঘ ৩৭ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পরিবারের সঙ্গে সুখ-শান্তিময় অবসর জীবন কামনা করি।”
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, “এসআই ছবির উদ্দিন শিকদার তার কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জনগণের সেবা করেছেন। তার অবদানের জন্য গোপালগঞ্জ জেলা পুলিশ কৃতজ্ঞ। অবসর জীবনের জন্য তার প্রতি আন্তরিক শুভকামনা রইল।”