সাইফুল ইসলাম সুমন, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ রাত ০৬:৩৮:৪১
বড়লেখা সীমান্তের দুর্গম পাহাড়ে রাতভর অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ বিস্ফোরক উদ্ধার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ডিমাই সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫২ ব্যাটালিয়ন।
বুধবার (২৪ জুন) গভীর রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা অস্ত্র ও বিস্ফোরক ফেলে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২৩টি উচ্চ ক্ষমতাসম্পন্ন পাওয়ারজেল নাইন বিস্ফোরক, ২৪টি ডিটোনেটর, ১৫ মিটার কর্ড, ২টি কুকরি চাপাতি এবং ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, “দেশের অন্যান্য সীমান্ত এলাকার মতো ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধীন ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, দুর্গম সীমান্ত এলাকায় এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনা সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করলেও বিজিবির তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের নাশকতার আশঙ্কা নস্যাৎ হয়েছে।