মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় খাল খননসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের (টঙ্গীবাড়ী-লৌহজং) সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—মারিয়ালয় মোকামখোলা থেকে সতুল্লা এবং পাচগাঁও ইউনিয়নের কুকরাদি খাল খনন, কালিবাড়ী বাজার থেকে পাচগাঁও ইউনিয়ন পরিষদ হয়ে মালধা সড়ক উন্নয়ন, চাষিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন।
উদ্বোধনী বক্তব্যে এমপি আব্দুস সালাম আজাদ বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্প বিশেষভাবে সহায়ক হবে।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলু, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা কাজল কর এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর।
এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জহিরুল ইসলাম লেলিনসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে টঙ্গীবাড়ী উপজেলার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।