কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ রাত ১০:৪৪:৫৬
শ্রমিকদের হামলায় গুরুতর আহত পুলিশ সদস্য ইমতিয়াজ, মোটরসাইকেলে আগুন
গাজীপুরে শ্রমিকদের ন্যুনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে চলা আন্দোলনের সময় পুলিশ সদস্য শাখাওয়াত হোসেন ইমতিয়াজের উপর হামলা চালায় আন্দোলনরত শ্রমিকরা। এসময় তাকে বেধড়ক মারধর করা হয়। পরে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
রোববার (১ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তারা তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত পুলিশ সদস্য এসআই শাখাওয়াত হোসেন ইমতিয়াজ বর্তমানে টাঙ্গাইলের মির্জাপুর থানায় কর্মরত রয়েছেন।
তাঁর পরিবার সূত্রে জানা যায়, গাজীপুর আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় আন্দোলনকারী শ্রমিকরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, মারধরের ঘটনায় এসআই ইমতিয়াজের শরীরের বিভিন্ন স্থানে আঘাত চিহৃ রয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।