শাফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৭:৩০:২৪
গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নে জোর, এক দিনে একাধিক প্রকল্পের কাজ শুরু
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) এক দিনে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।
দিনের শুরুতে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী আলমবিদিতর ইউনিয়নের কুটিরঘাট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই দিনে কচুয়া টেপারহাট সড়কের সুইচ গেট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত আরেকটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়।
এছাড়া বেতগাড়ী ইউনিয়নের সাতানী শেরপুর এলাকায় গফুরের মোড় থেকে পুটিমারী পর্যন্ত সড়ক পাকাকরণ কাজেরও উদ্বোধন করেন সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গঙ্গাচড়া এসব প্রকল্প বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, “এলাকায় উন্নয়ন হবে না—এমন ধারণা ছিল। এখন কাজের মাধ্যমে সেই ধারণা বদলানোর সুযোগ তৈরি হয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, গঙ্গাচড়ার প্রতিটি ইউনিয়নের উন্নয়নই তাদের অগ্রাধিকার। যোগাযোগব্যবস্থা উন্নত হলে মানুষের জীবনমান সহজ হবে। তিনি দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এসব সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।