আখাউড়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:২২:০৮
আখাউড়ায় সহস্রাধিক মানুষের মাঝে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে একযোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, মানুষের অভাব-অভিযোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে একটি দায়িত্বশীল সরকারের প্রয়োজন। তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়। সেই লক্ষ্যেই জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি ভিজিএফ কার্ড ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দ দলীয় কর্মীদের মধ্যে বিতরণ না করে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সুষ্ঠুভাবে বণ্টনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিন খান বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। সেই আদর্শ থেকেই জামায়াতে ইসলামী নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে থানা কর্মপরিষদ সদস্য আজিম উদ্দিন, ধরখার ইউনিয়ন সভাপতি আলাউদ্দিন, মোগড়া ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ, মনিয়ন্দ ইউনিয়ন সভাপতি ডা. আনোয়ার হোসেন, আখাউড়া উত্তর ইউনিয়ন সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ ইউনিয়নের সহ-সভাপতি কামাল উদ্দিন, আখাউড়া পৌরসভার সহকারী সেক্রেটারি আ. রহমান কাশগরিসহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।