মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৭:২০:২৮
টুঙ্গিপাড়ায় বাল্যবিয়ে প্রতিরোধে মোবাইল কোর্ট, বরকে কারাদণ্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিয়ের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করেছে প্রশাসন।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী হীরা বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর বয়সী তুলি হীরা নামের এক কিশোরীকে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী এলাকার ২৩ বছর বয়সী জয় চৌধুরীর সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছিল। খবর পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাসের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় বাল্যবিবাহ নিরোধ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।