কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ১১:১৫:১৭
গাজীপুরে রিপন গ্রুপে ১০৯ শ্রমিক ছাঁটাই, শ্রমিকদের মধ্যে ক্ষোভ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার জরুনে অবস্থিত রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানায় ১০৯ জন শ্রমিককে ছাঁটাই (টার্মিনেশন) করেছে কর্তৃপক্ষ। ঈদের ছুটির সময় এ সিদ্ধান্ত ঘোষণায় শ্রমিকদের মধ্যে দুঃখ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কারখানার মূল ফটকে ছাঁটাই করা শ্রমিকদের একটি নামের তালিকা সাঁটিয়ে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে অনেক শ্রমিক অসন্তোষ ও দুঃখ প্রকাশ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক প্যাড প্রিন্ট বিভাগের এক শ্রমিক বলেন, “ঈদের মতো খুশির সময়ে এভাবে শ্রমিক ছাঁটাই করা খুবই দুঃখজনক। আমরা সকাল থেকে কাজ করেছি, তখন কিছুই জানতাম না। গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাসে ওঠার পর খবর পাই আমাদের ছাঁটাই করা হয়েছে। এটা শ্রমিকদের ওপর অন্যায়।”
কারখানা কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম আইন–২০০৬ এর ২৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিকদের চাকরি থেকে অবসান (টার্মিনেশন) করা হয়েছে।
রিপন নিট ওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন জানান, শ্রম আইন অনুযায়ী ১০৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এবং তাদের সব পাওনাদি বিধি মোতাবেক পরিশোধ করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ–২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ছাঁটাইয়ের বিষয়ে কর্তৃপক্ষ আগে থেকেই প্রক্রিয়া সম্পন্ন করেছে। শ্রমিকদের পাওনাদিও শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হয়েছে বলে তিনি জানান।
ঘটনার পর এলাকাজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং সংশ্লিষ্টদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।