মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৪:৫৭
বড়াইগ্রামে গহনা সংক্রান্ত বিরোধে ২ নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
বড়াইগ্রামে গহনা সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীসহ চারজনকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার মৌখাড়া কদমতলা মহল্লায় এক সাবেক কাউন্সিলরের ছেলের বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরদিন বিকেলে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোয়ালফা কদমতলা এলাকার এক নারী আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে প্রতিবেশীদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার ধার নেন। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময় পার হলেও তিনি গহনাগুলো ফেরত দেননি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
বুধবার দুপুরে গহনা ফেরত চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বিষয়টি মীমাংসার কথা বলে কয়েকজনকে স্থানীয় এক বাসায় নেওয়া হয়। সেখানে বাদশা, তার স্ত্রী, বাবা ও শাশুড়িকে মারধর করে ঘরে আটকে রাখা এবং পরে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পরে গহনা ফেরত দেওয়া হলে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ঘটনাটি পরে জেনেছেন। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।