ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬ বিকাল ০৫:৫৩:০৬
কক্সবাজারের রামুতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের রামু উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে দেশব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একযোগে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। আগামী ২১ মে পর্যন্ত মেলা চলবে।
রামু উপজেলায় আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।
তিনি বলেন, “বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় সম্পূর্ণ ডিজিটাল ও সহজ উপায়ে পৌঁছে দিতে কাজ করছে। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবার মাধ্যমে এখন মানুষ ঘরে বসেই নির্বিঘ্নে সেবা পাচ্ছেন। ভূমি সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণকে এসব ডিজিটাল সেবা সম্পর্কে সচেতন করা এবং কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত সেবা নিশ্চিত করা।”
রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, রামু প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম এবং সাংবাদিক কাজী মামুন।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলার মূল লক্ষ্য হচ্ছে নাগরিকদের নতুন ডিজিটাল ভূমিসেবার সঙ্গে পরিচিত করা এবং সরাসরি সেবা প্রদান নিশ্চিত করা।
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে।