নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ রাত ০৬:৫২:১৭
মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, আটক ১
মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক–এর শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট চলাকালে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাক (রেজি নং- ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।
পরবর্তীতে ট্রাক তল্লাশীকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এর মধ্যে “Mast Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৬৪ বস্তা এবং “K.S. Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৪৬ বস্তা রয়েছে। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ৩ হাজার ৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে।
এ সময় ট্রাক থেকে রবিউল ইসলাম (৩৭), পিতা-মৃত ছবেদ আলী প্রামানিক, সাং-জসমন্তর ধুলিয়া, খেতুপাড়া ইউনিয়ন, থানা-সাথিয়া, জেলা-পাবনাকে আটক করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে এনে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।