নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ মার্চ ২০২৬ রাত ০৬:৫৭:২৭
গাজীপুরে ১৭ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬৫ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২ মার্চ) ভোর ৫টা ৪০ মিনিটে কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তারেক হোসেন ওরফে বাবু (৪৩) চাপাইনবাবগঞ্জ জেলার নাচল থানার লক্ষীপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায় বলে জানায় র্যাব।
বিকেল পৌনে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের সহযোগিতায় বিভিন্ন জেলা থেকে হেরোইন সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা দরে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।