শামীম আহমেদ জয়, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৭:৫৭
মতলব উত্তরে ফিলিং স্টেশনে হামলায় আহত ছাত্রনেতা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম বাবু প্রধান (৩৩) হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঠেটালিয়া এলাকায় অবস্থিত “শাহ সোলেমান লেংটা ফিলিং স্টেশন”-এ রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত আরিফুল ইসলাম বাবুর দাবি, এর আগে বিকেলে তিনি মোটরসাইকেলে জ্বালানি নিতে গেলে স্টেশনে তেল নেই বলে জানানো হয়। পরে রাতে পুনরায় সেখানে গিয়ে তেল আসার বিষয়ে জানতে চাইলে স্টেশনের লিয়াকত আলীর নির্দেশে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি তার ওপর হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লাঠি, লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার নাক, মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে লাথি ও ঘুষি মারতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
আরিফুল ইসলাম বাবুর অভিযোগ, ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংক্রান্ত অনিয়ম নিয়ে তিনি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করতে পারেন—এমন সন্দেহে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। হামলার সময় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।