জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ বিকাল ০৫:২২:৩১
জামালগঞ্জে অটোরিকশার চাপায় ৬ বছরের শিশু নিহত
সুনামগঞ্জের জামালগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় জোহা আক্তার ইতিমনি (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের উমেদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোহা আক্তার ইতিমনি ওই গ্রামের শফিক আলমের মেয়ে। অটোরিকশার চালক সৈয়দ হোসেন (২১) উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মান্নানঘাট থেকে জামালগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা উমেদপুর গ্রামের শফিক আলমের বাড়ির সামনে পৌঁছালে শিশুটি গাড়ির নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। একমাত্র মেয়েকে হারিয়ে স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহতের বাবা শফিক আলম বলেন, “আমার মেয়ে রাস্তার পাশ দিয়ে দোকানে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে অটোরিকশাটি তাকে চাপা দেয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।”
জামালগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পঙ্কজ ঘোষ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অটোরিকশার চালক সৈয়দ হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।