রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২০:৫৯
ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি, প্রাণ গেল স্কুলছাত্রের
বগুড়ায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুলছাত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
নিহত গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার মাহবুব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন স্থানীয় মিশু (২১) নামের এক যুবক। পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে ৫০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২১) সঙ্গে গালিবের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে মিশু, বাবু ও জিসান নামে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।