সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০:৫৩:৪৯
সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার খৈচালা বিল থেকে নাঈম হোসেন নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ এপ্রিল) সকালে রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈমের মরদেহ উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।