নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৬:৫৮
লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১০
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ১০ জন শ্রমিক দগ্ধ হয়ে আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বোয়ালখালী পৌরসভা এলাকার ‘কনফিডেন্স লবণ ফ্যাক্টরি’তে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানায় শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে কাজ করতে থাকা ১০ জন শ্রমিক আগুনে দগ্ধ হন। ঘটনার পর পর দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, কারখানা থেকে দগ্ধ অবস্থায় ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্য থেকে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
আহত শ্রমিকদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দিদারুল আলম, উজ্জ্বল দাশ, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, নূর নবী, মোহাম্মদ আলম, মাহমুদুল হক ও সেলিম উদ্দিন।