রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬ বিকাল ০৫:৪৬:৪১
বগুড়ায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” অনুষ্ঠিত
বগুড়া জেলায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর শুভ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন ফায়ার ইকুইপমেন্ট পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের আয়োজনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
এসময় অতিথিরা ফায়ার সার্ভিসের বিভিন্ন আধুনিক সরঞ্জাম, উদ্ধারকারী যন্ত্রপাতি এবং অগ্নিনির্বাপণ কার্যক্রমে ব্যবহৃত ইকুইপমেন্ট পরিদর্শন করেন। প্রদর্শনীতে আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার অভিযান এবং জরুরি সেবায় ব্যবহৃত বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।