মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪১:২০
মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
"উদ্ভাবনেই বাংলাদেশ গঠন—বিজ্ঞান ও প্রযুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে মৌলভীবাজারে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বিজ্ঞান সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা এবং অন্যান্য স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আয়োজনের সার্বিক প্রস্তুতি, কার্যক্রমের পরিকল্পনা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের সমন্বয়, প্রকল্প প্রদর্শনীর বিষয়বস্তু নির্বাচন, বিচার কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মেলাকে আকর্ষণীয় ও ফলপ্রসূ করতে বিভিন্ন বাস্তবমুখী প্রস্তাব উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল বলেন, "তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।" তিনি সকল সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সফল ও অংশগ্রহণমূলক বিজ্ঞান মেলা আয়োজনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, "এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা সমাজে বিস্তৃত হবে, যা স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।"
আগামী ২৭-২৯ এপ্রিল, তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে, যেখানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উদ্ভাবকরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবেন।