লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২৬ বিকাল ০৪:১৮:৩৯
সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ কুচলিবাড়ী ইউনিয়নের কলসীমুখ বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে ওই এলাকার মেইন পিলার-৮০৬ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির একটি দল। এ সময় ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা একটি চোরাকারবারি দলকে দেখতে পান টহল সদস্যরা।
পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়ে সতর্ক করলে চোরাকারবারিরা তা অমান্য করে সামনে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারিদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে টহল সদস্যরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
ফাঁকা গুলির শব্দে চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভারতীয় সীমান্ত থেকে কাঁটাতারের বেড়া কেটে চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের সতর্ক করে। নির্দেশ অমান্য করায় ফাঁকা গুলি ছোড়া হয়। আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবি সবসময় সতর্ক রয়েছে।”