রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪৮:০৫
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মোংলায় ব্যতিক্রমী আয়োজন
পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার ব্যতিক্রমী কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোংলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। পরে তার নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য র্যালি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এরপর পুকুরপাড়ে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলটির প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মাছ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই জলাশয়গুলোতে মাছের চাষ বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে।
প্রতিমন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে। একই সঙ্গে স্থানীয় জলাশয়গুলোতে মাছের চাষ বাড়িয়ে মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মতো একটি গুরুত্বপূর্ণ দিনে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় এমন কর্মসূচি জনপদের উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত কর্মসূচি শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন পরিবেশ প্রতিমন্ত্রী। তার নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবাটো শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, বাবলু ভূইয়া, মোস্তাফিজুর রহমান জনিসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তের মতো পরিবেশবান্ধব উদ্যোগ ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।