নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৭:০২:৩৬
১৯ মামলার আসামি উদয় মিয়া আখাউড়ায় গ্রেপ্তার
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, এসআই সুদর্শন কুমার দে সঙ্গীয় ফোর্সসহ ওয়াশফিট সংলগ্ন ১ নম্বর লাইনে অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী উদয় মিয়াকে গ্রেপ্তার করেন। তিনি আখাউড়া উপজেলার দ্বিজয়পুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম শেখর মিয়া ও সৎ পিতার নাম কালু মিয়া।
পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি ভোরে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে কুমিল্লার বাঙ্গুরা বাজার এলাকার জসিম উদ্দিনের কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় এর আগে সোহান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।