মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৪৭:৩৬
‘খাল খনন কর্মসূচি’ বাস্তবায়নে দেশে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটবে: ড. খন্দকার মারুফ
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটবে এবং কৃষক পরিবারের সচ্ছলতা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
মঙ্গলবার (১৭ মার্চ) মেঘনা উপজেলার মানিকারচর এল.এল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় যুবদল আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের খাল খনন কর্মসূচি ছিল কৃষি ও জনবান্ধব একটি ঐতিহাসিক উদ্যোগ, যা স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার পুনরায় কর্মসূচিটি চালু করায় সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ড. খন্দকার মারুফ বলেন, খাল খনন কর্মসূচির ফলে সেচব্যবস্থা উন্নত হবে, বন্যা নিয়ন্ত্রণ সহজ হবে, পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি পানি সংকট নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে, যা মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করেছে। দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ও বালু দস্যুতাসহ সামাজিক অপরাধ দমনে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে সততা ও জনকল্যাণমূলক রাজনীতিতে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান ও আতাউর রহমান লোদীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা রমিজউদ্দিন লন্ডনী, এম এম মিজানুর রহমান, সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীনসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।