মোঃ সিরাজুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪০:১৭
ধামরাইয়ে গভীর রাতে তিন পরিবহনে আগুন, আতঙ্কে জনমনে প্রশ্ন—আগুন দিচ্ছে কারা
ঢাকার ধামরাইয়ে গভীর রাতে একের পর এক তিনটি পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কে বা কারা এসব যানবাহনে আগুন দিচ্ছে, কী উদ্দেশ্যে আগুন দেওয়া হচ্ছে—এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের মনে।
গত টানা ৩ দিনে ধামরাইয়ের বিভিন্ন স্থানে গভীর রাতে পরিবহনে আগুন লাগার ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাতের আঁধারে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে একের পর এক যানবাহনে আগুনের ঘটনা ঘটতে থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। তবে এসব অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে জনমনে প্রশ্ন উঠেছে, একের পর এক পরিবহনে আগুন লাগার পরও প্রকৃত রহস্য উদ্ঘাটনে কী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। রাতের বেলায় যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে কবে।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। পাশাপাশি রাতের বেলায় টহল জোরদার, ঝুঁকিপূর্ণ পরিবহন ও গ্যারেজে নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
ধামরাইবাসীর এখন একটাই প্রত্যাশা পরিবহনে আগুনের এই আতঙ্কের অবসান হোক। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে জননিরাপত্তা নিশ্চিত করুক প্রশাসন।