খুলনা সিনিয়র জেলা প্রতিনিধিঃ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:০৬
খুলনায় ঈদের প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে
খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে। একই সময়ে খালিশপুর ঈদগাহ ময়দান ও বসুপাড়া ইসলামাবাদ ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক পৃথক ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। অন্যদিকে উপজেলা পর্যায়ের মসজিদ ও ঈদগাহগুলোতে সংশ্লিষ্ট পরিচালনা কমিটি নিজ নিজ সুবিধা অনুযায়ী জামাতের সময় নির্ধারণ করবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় খুলনার প্রধান জামাতের স্থান সার্কিট হাউস ময়দান পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে জানান, সার্কিট হাউস ময়দান একটি ঐতিহাসিক স্থান, যেখানে প্রতি বছর হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
তিনি বলেন, মুসল্লিরা যেন সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারেন, সে জন্য মাঠ প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং সন্ধ্যার মধ্যে প্রায় সম্পন্ন হবে। নিরাপত্তা ও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। এতে নগরবাসী নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কেএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানসহ জেলা প্রশাসন, কেসিসি ও কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, সকাল ৯টায় দ্বিতীয় এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।