নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪:২১
আবারও ভূমিকম্প, কেঁপে উঠলো রংপুর
থেকে থেকে ভূমিকম্পে কেঁপে উঠছে এই অঞ্চল। যেমন মিয়ানমারের ভূমিকম্পে কেঁপে উঠেছে চট্টগ্রাম কয়েক দফায়। এবার ভারতের হিমালয়কন্যা সিকিমে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাও বেশ কয়েক দফায়। কয়েক ঘণ্টায় অন্তত আট থেকে ১০ বার কম্পন অনুভূত হয়। সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা কেঁপে উঠে।।
রংপুর, নীলফামারী, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুরে
সিকিমের এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এবং মার্কিন
ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিমের
নামচি এবং মাঙ্গান এলাকায়। বাংলাদেশের সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম
বড় কম্পনটি অনুভূত হয়; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬।
এরপর রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রা এবং ভোর ৩টা
১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি মাঝারি কম্পন অনুভূত হয়। ভোর ৬টা পর্যন্ত অন্তত
আরও ৫ থেকে ৬টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পগুলোর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ থেকে ১০
কিলোমিটারের মধ্যে, যা অত্যন্ত অগভীর হওয়ার কারণে কম্পন বেশি অনুভূত হয়েছে।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, সিকিম ও সংলগ্ন হিমালয়
অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ ‘ফল্ট লাইন’-এর ওপর অবস্থিত। বড় কম্পনের পর ছোট ছোট আফটারশক
হওয়া স্বাভাবিক।