রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ রাত ১০:১৮:১৫
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে ঘিরে বগুড়া মিছিলের নগরীতে পরিণত
প্রধানমন্ত্রী তারেক রহমানের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভাকে ঘিরে সোমবার বগুড়া শহর পরিণত হয় মিছিলের নগরীতে। বিকাল ৪টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টা থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা মাঠমুখী হতে থাকেন।
প্রচণ্ড রোদ ও গরম উপেক্ষা করে বিকাল সাড়ে ৩টার মধ্যেই আলতাফুন্নেছা খেলার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর মাঠ ছাড়িয়ে উপস্থিত জনতা ছড়িয়ে পড়ে আশপাশের জজ কোর্ট সড়ক, জলেশ্বরীতলা সড়ক, শেরপুর রোড, জিরো পয়েন্ট ও সাতমাথা এলাকায়। পুরো এলাকা তখন জনসমুদ্রে পরিণত হয়।
শুধু সড়কেই নয়, আশপাশের বিভিন্ন ভবনেও অবস্থান নিতে দেখা যায় সমর্থকদের। জজ কোর্ট এলাকার গওহর আলী ভবনেও আইনজীবী ও তাদের সহকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় অংশ নিতে জয়পুরহাট থেকে আসা আলাউদ্দিন বলেন, “জিয়াউর রহমানকে ভালোবাসতাম, তার ছেলে তারেক রহমানকেও ভালোবাসি। এতদিন তিনি দলের নেতা ছিলেন, এখন প্রধানমন্ত্রী। তাকে কাছ থেকে দেখতেই সকালেই বগুড়ায় এসেছি।”
শিবগঞ্জ উপজেলার তাহেরা বেগম বলেন, “কাছ থেকে তারেক রহমানকে দেখার জন্য সকাল ১১টায় মাঠে এসে সামনে জায়গা নিয়েছি। তার বক্তব্য শুনব বলেই এত কষ্ট করে এসেছি।”
এদিকে শহরতলীর বাঘোপাড়া থেকে মা ফাতেমা বেগমের সঙ্গে জনসভায় আসা ১২ বছরের লিমা জানায়, “মায়ের কাছে অনেক দিন ধরেই বলছিলাম তারেক রহমানকে কাছ থেকে দেখব। এতদিন টেলিভিশনে দেখেছি, আজ সামনে থেকে দেখব।”
জনসভার বিশাল উপস্থিতি ঘিরে দিনভর বগুড়া শহরের প্রধান সড়কগুলোতে মানুষের ঢল নামে, যা এক ব্যতিক্রমধর্মী জনসমাগমে রূপ নেয়।