রফিকুল ইসলাম (নান্দাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ রাত ০৯:৩৪:০৫
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু কথার রাজনীতি করে না, বরং বাস্তব উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।
শুক্রবার (২৭ মার্চ) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় যেসব সড়কের কাজ শুরু হয়েছে সেগুলো হলো—মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর-দত্তপুর সড়ক, কপালহর-লংগারপাড় সড়ক এবং জাহাঙ্গীপুর ইউনিয়নের রায়পাশা হাফিজিয়া মাদ্রাসা সড়ক।
এছাড়া ১ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৩শ টাকা ব্যয়ে নির্মিত পশ্চিম দেউলডাংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়। তিনটি সড়ক নির্মাণে মোট ৪ কোটি ১ লাখ ৬৬ হাজার ৭৭৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের আমলে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং জনগণের করের অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
তিনি জানান, সরকার ইতোমধ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেন ফেরদৌসসহ দলীয় নেতৃবৃন্দ।