রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ১০:৫২:২৯
বগুড়া গাবতলীতে কার্পেটিং সড়কে অনিয়ম, তদন্তে সত্যতা মিলায় বন্ধ কাজ
বগুড়ার গাবতলী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন ৩শ’ মিটার সড়ক কার্পেটিং কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে অনিয়মের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজটি বন্ধ করে দিয়েছে।
জানা যায়, প্রায় ৩৯ লাখ ৫১ হাজার ২১৬ টাকা ব্যয়ে উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর থেকে ঠাকুরপাড়া পর্যন্ত সড়ক কার্পেটিং কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা ট্রেডার্স।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নির্ধারিত মান অনুযায়ী ৫০ মিলিমিটার (প্রায় দুই ইঞ্চি) ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে তিন থেকে চার ইঞ্চি আকারের নিম্নমানের ইটের টুকরা ব্যবহার করা হয়েছে। এসব বড় আকারের খোয়া দিয়ে ইতোমধ্যে সড়কের মেকাডম (বেজ) তৈরির কাজও সম্পন্ন করা হয়েছে।
সূত্র জানায়, গত বছরের মে মাসে কাজ শুরু হয়ে চলতি বছরের মার্চে শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আরও তিন মাস সময় বাড়ানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে। এর আগেও খারাপ মানের খোয়া ব্যবহারের প্রতিবাদ জানানো হলেও পুনরায় একইভাবে কাজ চালিয়ে যাওয়া হয়। বিষয়টি নিয়ে তারা উপজেলা প্রকৌশলীর কাছে মৌখিক অভিযোগ করেন।
সর্বশেষ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান ঘটনাস্থলে লোক পাঠান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোশাররফ হোসেন বলেন, খোয়ায় এক নম্বর ও দুই নম্বর ইটের মিশ্রণ ব্যবহার করা হয়েছে। বর্তমানে ভালো মানের ইট পাওয়া কঠিন হওয়ায় কিছু সমস্যা তৈরি হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফজলে রাব্বী জানান, সরেজমিনে গিয়ে খোয়ার মান নিম্নমানের পাওয়া গেছে, তাই কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে এবং আগামীকালের মধ্যে নিম্নমানের খোয়া অপসারণ করে নতুন করে মানসম্মত উপকরণ দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।