রুহুল আমিন কিবরিয়া বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ০৯:৪৭:৩৬
বগুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদন: ছাত্রদলের আনন্দ মিছিল, বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি
বগুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বগুড়ার সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
সমাবেশে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে বগুড়া বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বগুড়ার শিক্ষার্থীরা কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়টির নাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি জানান।
এর আগে সরকারি আজিজুল হক কলেজের বটতলা চত্বরে অনুষ্ঠিত মিছিল-পূর্ব সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ। এছাড়াও জেলা, মহানগর, উপজেলা ও বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে বিপুলসংখ্যক ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।