শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:১১:৩৭
কসবায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: এক ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, স্থানীয় প্রতিষ্ঠান আল আমিন ট্রেডার্স সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে। ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয় ভ্রাম্যমাণ আদালত। পরে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য কঠোর সতর্কতা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। তিনি উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সরকার নির্ধারিত মূল্য তালিকা মেনে পণ্য বিক্রি করতে হবে এবং কোনোভাবেই অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বাজারের অন্যান্য দোকানেও তদারকি করা হয় এবং ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান চালানো হলে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।