কসবা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ রাত ১১:৩৮:৫৯
মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে সহস্রাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মতি মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত সহস্রাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন স্থানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী ও উপজেলা নায়েবে আমীর শিবলী নোমানী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা হুমায়ুন কবির, সাবেক শিবির নেতা নুরে আলম সিদ্দীকি, জেলা শিবিরের প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মুন্সীজাদা বরকতুল্লাহ, শ্রমিক কল্যাণের সভাপতি জামাল মিয়া, যুব বিভাগের সভাপতি সালাহ উদ্দিন, খাড়েরা ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম, কায়েমপুর ইউনিয়ন সভাপতি জমসিদ মিয়া, বায়েক ইউনিয়ন সভাপতি আলী আশরাফ, মূলগ্রাম ইউনিয়ন সভাপতি আবু হানিফ, মেহারি ইউনিয়ন সভাপতি আবুল হোসাইন, গোপিনাথপুর ইউনিয়ন সভাপতি ডা. গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বিতরণ অনুষ্ঠানে আতাউর রহমান সরকার বলেন, মানুষের অভাব–অভিযোগ শুনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে একটি দায়িত্বশীল সরকারের প্রয়োজন। তিনি আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি সম্ভব নয়।
তিনি ভিজিএফ কার্ড ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দ দলীয় কর্মীদের মাঝে বিতরণ না করে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।