কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ দুপুর ১২:৪৪:৫৩
আখাউড়ায় ছেলের সঙ্গে অভিমানে বিষপানে মায়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক অভিমানকে কেন্দ্র করে রুনা বেগম (৪৫) নামে এক নারীর বিষপানে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রুনা বেগম আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ার হাশেম কলোনীতে বসবাস করতেন। তার ছেলে সাদিম ভুইয়া (২৫) রেলওয়ে পূর্ব কলোনীতে থাকতেন। প্রায় পাঁচ বছর ধরে স্বামী মো. আবুল হোসেনের সঙ্গে আলাদা থাকছিলেন তিনি। আবুল হোসেন জেলা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের বাসিন্দা।
ঘটনার রাতে রুনা বেগম ‘কেরি’ নামের বিষাক্ত ট্যাবলেট সেবন করেন বলে জানা গেছে। পরে তিনি অসুস্থ অবস্থায় ছেলের বাসার সামনে গিয়ে ছটফট করতে থাকেন। এ সময় তার ছেলে সাদিম ভুইয়া দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক অভিমান থেকেই তিনি এ চরম সিদ্ধান্ত নিয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।