রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৩৯:২০
বগুড়ায় গাঁজার গাছসহ যুবক আটক
বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছসহ মো. মান্নান (৩০) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি) এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজ্ড কোম্পানি (সিপিএসসি), বগুড়া।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে দুপচাঁচিয়া উপজেলার আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে, আশুঞ্জা মধ্যপাড়া এলাকার একটি বাড়িতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে। এর ভিত্তিতে একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মো. মান্নানের বসতবাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছ জব্দ করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক মান্নান আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মো. মোয়াজ্জেমের ছেলে।
এসআরবি জানিয়েছে, জব্দ করা গাঁজার গাছসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে।