পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৪২:৩১
পীরগঞ্জে ধানক্ষেতে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ
পূর্ব শত্রুতার জেরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কৃষকের আমন ধানক্ষেতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে ধানক্ষেত নষ্ট ও গাছের চারা ভেঙ্গে নষ্ট করার অভিযোগ উঠেছে।
শনিবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কোঠাপাড়া গ্রামের মৃত আনন্দ বর্মনের ছেলে নরেশ চন্দ্র ও ভাই গোপাল রায়ে'র ধানক্ষেতে এই ঘটনা ঘটে।
চলতি মৌসুমে কৃষক নরেশ ও তার ভাই পৈত্রিক ওই জমিতে আমন ধান রোপণ করেছিলেন। আর কিছুদিন পরেই ধানগুলো কাটামাড়াই শেষে ঘরে তুলতেন সোনালী ধান। আজ সেই সোনালী স্বপ্ন এভাবে নিমিষেই নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই কৃষক পরিবার।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নরেশ চন্দ্র রায় ও ভাই গোপাল রায়ে সঙ্গে পৈতৃক জমি নিয়েই বিরোধ চলছিল একই এলাকার হরেন বর্মনের ছেলে সুকুমার মেম্বারে সাথে। এরই জেরে সুকুমার মেম্বার নেতৃত্বে ৫ থেকে ৬ জনের একটি লাঠিয়াল বাহিনী বৃহস্পতিবার বিকেলে স্প্রেমেশিন দিয়ে ধানক্ষেতে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক প্রোয়োগ করে। গতকাল কৃষক ক্ষেতে গিয়ে দেখেন কষ্টে লাগানো এক বিঘা জমির আমন ধান বিবর্ণ হয়ে শুকিয়ে ও পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষকের অপূরণীয় আর্থিক ক্ষতি হয়েছে এবং মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা এই অমানবিক ও হীন কাজের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানায় বা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ওই কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার ও এলাকাবাসী এ ঘটনায় সুষ্ঠু বিচার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।