বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ রাত ১০:০০:৫২
ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার শীতলক্ষ্যা নদীতে পড়ে গেছে। তবে চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন এবং পরে উদ্ধার করা হয়েছে গাড়িটিও।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার নবীগঞ্জ ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, গাড়ির মালিক আগে থেকেই নেমে গিয়েছিলেন। চালক প্রাইভেট কারটি ফেরিতে তোলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই চালক সাঁতরে তীরে ওঠেন এবং স্থানীয় নৌকা চালকদের সহযোগিতা পান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদীর তলদেশ থেকে প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
গাড়ির চালক জাকির হোসেন বলেন, “গাড়ির ব্রেকের সমস্যা ছিল। ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে নদীতে পড়ে যাই।” তিনি জানান, গাড়িটির মালিক একটি পোশাক কারখানার চেয়ারম্যান নূর মোহাম্মদ রুদ্র।