নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৬:৫৩
বিজয়নগরে ৩৩ দপ্তরের ১১টিতে অতিরিক্ত দায়িত্ব, সেবায় ধীরগতি ও ভোগান্তি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তীব্র জনবল সংকটের কারণে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। উপজেলার ৩৩টি সরকারি দপ্তরের মধ্যে অন্তত ১১টিতে নিয়মিত কর্মকর্তা না থাকায় অন্য কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে জনসেবায় ধীরগতি ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।
উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে বর্তমানে অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে কার্যক্রম চলছে। এসব দপ্তরের মধ্যে রয়েছে—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী প্রোগ্রামার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী (বিএডিসি) এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার।
খোঁজ নিয়ে জানা গেছে, একাধিক দপ্তরের দায়িত্ব পালন করায় কর্মকর্তারা সময়মতো সব অফিসে উপস্থিত থাকতে পারছেন না। ফলে প্রয়োজনীয় ফাইল নিষ্পত্তি ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমে বিলম্ব হচ্ছে। অনেক ক্ষেত্রে সেবা নিতে এসে মানুষকে বারবার অফিসে যেতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি কাজের জন্য কয়েকদিন ধরে অফিসে ঘুরতে হচ্ছে। নির্দিষ্ট কর্মকর্তা না থাকায় সঠিক সময়ে সেবা পাওয়া যাচ্ছে না। এতে সময় ও অর্থ—দুইই অপচয় হচ্ছে।
উপজেলার সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। নতুন করে জনবল নিয়োগ না হওয়ায় বিদ্যমান কর্মকর্তাদেরই অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে তাদের উপরও বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
দ্রুত শূন্য পদগুলোতে জনবল নিয়োগ ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।জনসেবার স্বার্থে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলাবাসী।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সখিনা আক্তার জানান,খুব শিগগিরই সমাধান হবে ইনশা আল্লাহ।