দেওয়ান সবুজ, ঈশ্বরদী - আটঘরিয়া ( পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ৮ মে ২০২৬ দুপুর ০২:২৯:৪৬
পাবনার আটঘরিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া জোলা এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে আটঘরিয়া থানা পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার লোকজন জোলার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে আটঘরিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তিকে কেউ চিনতে পারেননি। অনেকেই ধারণা করছেন তিনি মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে প্রকৃতির হতে পারেন। তবে স্থানীয়দের আরেকটি অংশের ধারণা, তিনি হয়তো অন্য কোনো এলাকার সাধারণ মানুষ, যার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহের পরিচয় না পাওয়ায় রহস্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন এলাকাবাসী বলেন, “আমরা এই লোককে আগে কখনো এলাকায় দেখিনি। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে ভয় পেয়ে যাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে আটঘরিয়া থানায় নেওয়া হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। বর্তমানে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।
ঘটনার পর থেকে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের দাবি, দ্রুত পরিচয় শনাক্ত করে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করুক আইনশৃঙ্খলা বাহিনী।