নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ সকাল ০৯:৫২:৪৩
আট অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কতা
দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২১ মে বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌযান চলাচল ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বিজ্ঞপ্তিতে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌ-দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে চলাচলকারী সব ধরণের ছোট-বড় নৌযানকে সাবধানে ও সতর্কতার সাথে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।