এম. এম. সাইফুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ রাত ০৭:০২:২৪
চরভদ্রাসনে পুলিশের ওপর হামলার মূলহোতা কবির খান গ্রেফতার
ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মূলহোতা দুর্ধর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্যু কবির খানকে ঢাকার দোহার উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই এনামুল হক। এ সময় পুলিশের একটি বিশেষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেফতারের পর দুপুর সাড়ে ১টার দিকে কবির খানকে চরভদ্রাসন থানা পুলিশ হেফাজতে আনা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাম্প্রতিক ঘটনায় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে তাকে জেলা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে কবির খানকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। ঘটনার পরপরই বিকাল থেকে জেলা পুলিশ দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান শুরু করে।
এ অভিযানে কবির খানের এক সহযোগী ও লাঠিয়াল ভাগিনা শেখ আলমগীর হোসেনকে আটক করা হয়। তাকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার জালালদি এলাকা থেকে আটক করা হয় এবং বুধবার দুপুরে মামলা নং-১২ (তারিখ: ২১/০৪/২০২৬) এ নথিভুক্ত করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে।