মো. সুমন মিয়া, বন্দর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় নারী শ্রমিক নিহত
সোমবার সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে দেওয়ানবাগ এলাকার আকিব ফিলিং স্টেশন সংলগ্ন হামদর্দ ল্যাবরেটরির সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মালা আক্তার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিন্নাফৈর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। তিনি মদনপুর এলাকার ফাহাদ প্লাস্টিক কারখানার শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মালা আক্তার একটি অটোরিকশা থেকে নেমে অসতর্কতাবশত মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-০২৯৬ নম্বরের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়। আটক চালক সোহরাব মিয়া যশোর সদর উপজেলার বাসিন্দা। বর্তমানে বাসটি কাঁচপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনজিম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মদনপুর এলাকার আল বারাকা হাসপাতালে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।