মৌলভীবাজার থেকে, মনজু বিজয় চৌধুরী
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ রাত ০৬:০৪:৫০
শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কর্মসূচি
সারা দেশে এখনো ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হচ্ছে বহু মানুষ। এ পরিস্থিতিতে শ্রীমঙ্গল পৌর এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিতভাবে মশক নিধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শ্রীমঙ্গল পৌরসভা।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৬ এপ্রিল) সকালে পৌরসভার উদ্যোগে ৮ নম্বর ওয়ার্ড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম। তিনি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে উপস্থিত থেকে এলাকার বাসাবাড়ির আঙিনা এবং বিভিন্ন সড়কের পাশের ড্রেনগুলোতে মশা নিধনকারী ওষুধ স্প্রে করেন।
এ সময় নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌরসভার মেয়রের নির্দেশনায় বছরজুড়ে প্রতিটি ওয়ার্ডে মশক নিধনসহ জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকায় শ্রীমঙ্গল পৌরবাসীকে নিরাপদ রাখতে পৌরসভা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে আমাদের এ কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
পৌরসভার এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।