জাহাঙ্গীর আলম, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ : ৭ মে ২০২৬ দুপুর ০২:৪১:০৬
নেত্রকোণায় আলোচিত ছাত্রী ধর্ষণ ও অন্ত:স্বত্ত্বার ঘটনায় অভিযুক্ত শিক্ষক তিন দিনের রিমান্ডে
নেত্রকোণার মদনে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত ঐ শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতের বিচারক মোহসিনা ইসলাম এ আদেশ দেন।
মামলার এজহার ও আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসামি সাগরকে আদালতে উপস্থাপন করে ৭ দিনের রির্মান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে, আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মন্জুর করেন। এর আগে অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করে র্যাব-১৪। বুধবার (৬ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, নেত্রকোনার মদন উপজেলায় শিক্ষকের ধর্ষণে ১১ বছরের এক মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে গত ২৩ এপ্রিল শিক্ষকের নাম উল্লেখ করে মামলা করেন।
অভিযুক্ত শিক্ষক উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে ও হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক। মামলাটি রাষ্ট্র পক্ষে পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর(পিপি) নুরুল কবীর রুবেল ও আসামী পক্ষে ডিফেন্স ছিলেন এডভোকেট টিপু সুলতান ডায়মন্ড।