আলকামা সিকদার, মধুপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬ রাত ০৯:২৪:৩৭
মধুপুরে রাস্তা রক্ষায় নির্মিত গাইডওয়াল ধস, ঝুঁকিতে সড়ক
ঘটনাটি উপজেলার ১ নম্বর কুড়ালিয়া ইউনিয়নের চাপড়ী-জয়নাতলী-বেতবাড়ী মোড় পর্যন্ত সড়কের মলকা এলাকার বংশাই নদীর পূর্ব পাড়ের প্রায় ২০০ মিটার অংশে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সড়কটি পাকাকরণের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে নদীভাঙন থেকে সড়কটি রক্ষায় নদীর পাড়ে গাইডওয়াল ও প্যালাসেডিং দিয়ে ব্লক বসানোর কাজ করা হয়। তবে নির্মাণকাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই গাইডওয়ালের একটি বড় অংশ ধসে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, ঠিকাদারের অনিয়ম এবং সংশ্লিষ্ট প্রকৌশলীর অবহেলার কারণেই এমন ঘটনা ঘটেছে। দ্রুত সংস্কার ও তদন্তের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বংশাই নদীর ভাঙনে সড়কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, যা এলাকার যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক প্রভাব ফেলবে।