সোহেল আমিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ সকাল ১১:১০:৩৪
ধামরাইয়ে বাকপ্রতিবন্ধী সমীরুদ্দীনের বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ২ ইউনিটের প্রচেষ্টায় নির্বাপন
ঢাকার ধামরাইয়ে এক বাকপ্রতিবন্ধীর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাড়িটি।
সোমবার (২ নভেম্বর ২০২৬ খ্রি.) ভোরের দিকে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা ৩৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ধামরাই ফায়ার স্টেশন। সংবাদ পাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে, অর্থাৎ ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং দীর্ঘ প্রচেষ্টার পর রাত ২টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়।
ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ জানতে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।