গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ রাত ০৬:১৩:২১
গোবিন্দগঞ্জে দাখিল পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ও খাতাসহ আটক ১
বুধবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জুলফিকার আলীর বাড়ি উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস, বদলি পরীক্ষার্থী পরিচালনা ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।
জানা যায়, বুধবার দাখিল পরীক্ষা চলাকালে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা গোপন সংবাদের ভিত্তিতে কামদিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রের অদূরে বাজারের ভেতরে সন্দেহজনক অবস্থায় জুলফিকার আলীকে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে পরীক্ষার প্রশ্নপত্র, লিখিত পরীক্ষার খাতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে বলেও তিনি জানান।