মোঃ বাবুল, প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ রাত ০৯:৩৫:২৮
মারা গেছেন সেই আলোচিত সিরিয়াল কিলার সম্রাট
সাভারের আলোচিত ও কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ সাইকো সম্রাট ওরফে সবুজ শেখ মারা গেছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট স্ট্রোকজনিত কারণে সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের ১৮ জানুয়ারি দুপুর দুইটার দিকে সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নতুন করে সামনে আসে সম্রাটের নির্মম অপরাধের চিত্র। এর আগে একই ভবন থেকে আরও তিনটি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দেখতে পায়, সম্রাট নিজ কাঁধে করে মরদেহ নিচতলা থেকে দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছে, যা পুরো ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে।
এর আগে একটি ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ওই পরিত্যক্ত ভবনে দেখা যায়; পরে নিশ্চিত হয়, সেই নারীকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেন সম্রাট। তদন্তে নেমে পুলিশ তার সম্পৃক্ততার প্রমাণ পেয়ে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদে সে সিরিয়াল অনুযায়ী ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরদিন ১৯ জানুয়ারি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তা গ্রহণ করে তাকে কারাগারে পাঠান। সে-ই থেকে সে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মোছামান্দা গ্রাম। তার বাবার নাম পান্না শেখ। তার মৃত্যুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সর্বশেষ হত্যার পর পুড়িয়ে দেয়া লাশ তানিয়ার পরিবার।২০১৪ সালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধজগতে তার প্রবেশ করা এই সাইকো সম্রাটের বিরুদ্ধে সাতটি হত্যা মামলা ও দুইটি মাদক মামলা বিচারাধীন।